দাগনভূঞা প্রতিনিধি : ফেনী-৩ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত বাম গণতান্ত্রিক জোট ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী আব্দুল মালেক মনসুর বলেন—অতীতে ১২টি নির্বাচনে গঠিত সংসদে জনমতের প্রতিফলন ঘটে নাই। সংসদ পরিণত হয়েছিল কোটিপতি, দুর্বৃত্ত-ব্যবসায়ী ও সাম্প্রদায়িক অপশক্তির ক্লাবে। এরা সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে, শিক্ষা-চিকিৎসার অধিকারকে টাকার কাছে জিম্মি করেছে, মানুষের অধিকারকে বানিয়েছে পণ্য। গত ৫৪ বছরে এরা এমন দেশ বানিয়েছে যেখানে টাকা ছাড়া মানুষ কোনো অধিকারই ভোগ করতে পারে না।
প্রতিটি নির্বাচন আসলেই রাজনৈতিক দলসমূহ নানা প্রতিশ্রুতি দেয় আর নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, জনগণ প্রতারিত হয়। নির্বাচনকে টাকার খেলা, পেশিশক্তি ও মাস্তানির দাপট, পুলিশ ও প্রশাসনের পক্ষপাতিত্ব আর ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িকতার চর্চায় পরিণত করেছে। ভোটে জেতার জন্য এরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কালোটাকা ছড়িয়ে নিজের ও ভোটারদের চরিত্র নষ্ট করে—যার উৎকট নমুনা দেশবাসী দেখছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন আব্দুল মালেক। কর্মসূচির শুরু সকাল ৯টায় দাগনভূঞা পৌরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। বিকেলে পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের আমুভূঞার হাট, বৈরাগীবাজারে ও রামনগর ইউনিয়নের তুলাতুলি বাজারে গণসংযোগ ও পথসভার মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি করেন।
পথসভায় আব্দুল মালেক ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং ভোটের মাধ্যমে বাংলাদেশের সংসদে শ্রমিক-কৃষক মেহনতি মানুষের প্রতিনিধি নির্বাচিত করার আহ্বান জানান। বিভিন্ন পথসভায় আরও বক্তব্য রাখেন বাসদ ফেনী জেলার সাবেক আহ্বায়ক হারাধন চক্রবর্তী, দাগনভূঞা উপজেলা বাসদের আহ্বায়ক অর্জুন দাস ও সদস্য সচিব সিরাজ উল্যা প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন