বগুড়া প্রতিনিধি: বগুড়া-৬ (সদর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বগুড়ার গোকুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি আজগর আলী, যুব বিভাগের শহর সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদি শফিক, আলিয়া মাদরাসা ছাত্রশিবির সভাপতি আবুল কাশেম, জামায়াত নেতা মাওলানা লুৎফর রহমান, সেক্রেটারি রফিকুল ইসলাম নান্নু এবং ছাত্রশিবির নেতা হাফেজ রিয়াজ হাসান রিফাতসহ অন্যান্য নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে রামশহরে আয়োজিত এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি ফিরে আসবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশকে বৈষম্যহীন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত, মাদক ও অপরাধমুক্ত একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।
রিপোর্টার্স২৪/এসসি