সাভার প্রতিনিধি: আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগরের একটি বাসার দুই তলায় আগুন লাগে। এ ঘটনায় দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন (জাকসু) কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আলী চিশতি জানান, ওই বাড়িতে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধ মীমাংসার উদ্দেশ্যে নৃবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি তার সঙ্গী হাসিনুরকে নিয়ে সেখানে যান। একপর্যায়ে ছোট ভাই রায়হান আগেই আশপাশে ছড়িয়ে রাখা পেট্রোলে আগুন ধরিয়ে দেন। এতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলে উপস্থিত চারজন দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে মো. সাইফুল ইসলাম রনি ও হাসিনুরকে জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকি দুইজনকে অন্য একটি হাসপাতালে নেয়া হয়েছে।
জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক জানান, চিকিৎসাধীন রনির শরীরের অনেকাংশই অগ্নিদগ্ধ হয়েছে। রনির পিঠ, হাত ও একটি চোখ পুড়ে গেছে।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিক বলেন, দগ্ধ একজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশের একটি টিম অবস্থান করছে।
উল্লেখ্য, আহতদের মধ্যে একজন জাবির নৃবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি এবং অন্যজন আব্দুস সোবহান রায়। এছাড়া হাসিনুর ও রাহাত নামে আরও দুইজন দগ্ধ হয়েছেন।