রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে এক নারী সহকর্মীকে ধর্ষণ এবং ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইলের অভিযোগে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম দিদার আলম (৪৩)। তিনি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার কাপ্তাই উপজেলা থেকে অভিযুক্তকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) রাঙ্গামাটি কোতোয়ালি থানায় তার বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী নারী (৩৩) রাঙ্গামাটি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত। অভিযুক্ত কর্মকর্তাও দীর্ঘদিন একই কর্মস্থলে ছিলেন, পরিচয়ের সুযোগে প্রথমে তার বিশ্বাস অর্জন করেন। পরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদানের মাধ্যমে শারীরিক সম্পর্কের জন্য বাধ্য করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর অফিস চলাকালে ভুক্তভোগীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একই কৌশলে ২০২৬ সালের ৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি শহরের আসামবস্তি এলাকায় অভিযুক্তের আরেক বাসায় ভুক্তভোগীকে পুনরায় একাধিকবার ধর্ষণ করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম