| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে জখম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৬:৩৯:১১:অপরাহ্ন  |  ৮৬৩৯৬৮ বার পঠিত
নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে জখম

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পূর্ববিরোধের জেরে এক পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা নওগাঁ সদর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭–৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী মো. কাওসার (১৮) নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি আরজি নওগাঁ গ্রামের হাসিনা ছাত্রাবাসে থাকতেন। ছাত্রাবাসে বড় ভাই–ছোট ভাইকে সম্মান করা নিয়ে সহপাঠীদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলছিল।

ঘটনার দিন মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খাবার নিতে ছাত্রাবাসের নিচে নামলে পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের রাস্তায় তাঁকে ও তাঁর বড় ভাই মো. সিদরাতুল মুনতাহা সান (২১) কে ঘিরে ধরে অভিযুক্তরা। অভিযোগে বলা হয়, লাঠি, লোহার রড, হাসুয়া, চাকু, ছোরা ও বড় ছুরিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা দুজনকে মারধর শুরু করে।

একপর্যায়ে ধারালো বড় ছুরি দিয়ে মো. কাওসারের পেটে আঘাত করা হয়। এতে তাঁর পেটের বাম পাশে গুরুতর জখম হয় এবং নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর বড় ভাই সানকেও মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন ও সহপাঠীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত দুজনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কাওসারের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে বর্তমানে চিকিৎসাধীন।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মো. রেজাউল করিম নওগাঁ সদর মডেল থানায় এজাহার দায়ের করেছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার পুলিশ জানায়, এজাহার গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪