| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কর্তৃপক্ষের আশ্বাসে ফরিদপুরে আদালতে ফিরলেন আইনজীবীরা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৬:৫৩:২৮:অপরাহ্ন  |  ৮৭৮৭৯৯ বার পঠিত
কর্তৃপক্ষের আশ্বাসে ফরিদপুরে আদালতে ফিরলেন আইনজীবীরা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আইনজীবীরা ‘কোর্ট বর্জন’ করায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বন্ধ হওয়ার পর বুধবার দুপুরে জেলার বিচার বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বিচার কার্যক্রম সচল হয়েছে। দুদিন ধরে মামলার শুনানি না হওয়ায় ভোগান্তিতে পড়েছিলেন বিচারপ্রার্থীরা।

ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে বুধবার দুপুর পর্যন্ত চলেছে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার লুৎফর রহমান পিলু।

তিনি বলেন, “চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সেলিম রেজা আইনজীবী এবং মামলার পক্ষদের সঙ্গে নিয়মিত খারাপ আচরণ এবং রুঢ় ব্যবহার করেন। এটি একেবারেই গ্রহণযোগ্য ছিল না।” তাই সমিতি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এক জরুরি সভা ডেকে ওই কোর্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

অ্যাডভোকেট পিলু বলেন, “পরিস্থিতি বিবেচনায় জেলা ও দায়রা মহোদয়ের আহ্বানে আমরা সমিতির কর্মকর্তা, সিনিয়র আইনজীবী ও বিজ্ঞ বিচারকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করি।”

তিনি আরও বলেন, পরে বিচার বিভাগ আমাদের দাবির বিষয়টি বাস্তবায়নের আশ্বাসে এবং তাদের অনুরোধে আইনজীবীদের কর্মসূচি প্রত্যাহার করা হয়।

বিচারপ্রার্থীদের ভোগান্তি:
এদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চলমান মামলার বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে বিচারপ্রার্থীরা।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদালতের বারান্দায় অপেক্ষায় থাকলেও আইনজীবীরা না আসায় বুধবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত আদালতের কার্যক্রম শুরু হতে দেখা যায়নি।

জেলার আলফাডাঙ্গা থেকে আসা এক বিচারপ্রার্থী বলেন, “এই আদালতে আইনজীবীদের কোর্ট বর্জন চলছে এটা জানা ছিল না, আমি শহরে এসেছি ৫৫ থেকে ৬০ কিলোমিটার দূর থেকে। বিষয়টি আগে জানা থাকলে এতো কষ্ট করতে হতো না।”

একই রকম কথা বলেন সালথা থেকে আসা আরেক বিচারপ্রার্থী। তিনি বলেন, “আদালতে বিজ্ঞ বিচারক ও আইনজীবীদের আরও বেশি দায়িত্বশীল হওয়া দরকার। কারণ কোর্টে যে পরিমাণ মামলার জট, তাতে যদি এভাবে আইনজীবীরা কর্মসূচি দেন তাহলে বিচারপ্রার্থীদের ভোগান্তি আরও বাড়বে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪