| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৪:৫৫:৪৪:অপরাহ্ন  |  ১৫৯৭৬২৯ বার পঠিত
নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। সন্ধ্যার খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেল, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানসহ অন্যান্যরা মঞ্চে উপস্থিত ছিলেন।

তবে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের নেতা-কর্মীরা আগে থেকেই চেয়ারে বসার চেষ্টা করায় বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের নেতাকর্মীরা বসতে না পারায় বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এছাড়া একটি মোটরসাইকেলও জ্বালিয়ে দেওয়া হয়। সংবাদ সংগ্রহকালে দুজন সাংবাদিক আহত হন এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করেছেন, বিএনপি ও তাদের সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ১৫ জন তাদের কর্মী-সমর্থক আহত হয়েছেন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল দাবি করেছেন, জামাত পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, এতে তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা জানিয়েছেন, আহতদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪ জনকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। আরও ১০–১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো কোন মামলা হয়নি, অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানান, সংঘর্ষের ঘটনা চেয়ারে বসাকে কেন্দ্র করে শুরু হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪