| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাউজানে নলকূপের গর্তে পড়ে ৩ বছরের শিশু মেজবাহের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ২২:৩১:৫২:অপরাহ্ন  |  ৮৭৭৯৯৫ বার পঠিত
রাউজানে নলকূপের গর্তে পড়ে ৩ বছরের শিশু মেজবাহের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ উদ্দিন (৩) মারা গেছে। উদ্ধার অভিযান শেষে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা ঘটে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে। নিহত মেজবাহ ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, চার থেকে পাঁচ বছর আগে সরকারি উদ্যোগে ওই এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য একটি গর্ত খোঁড়া হয়েছিল, কিন্তু নানা কারণে তা আর ব্যবহার করা হয়নি। দীর্ঘদিন ধরে গর্তটি খোলা থাকলেও নিরাপদ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

শিশুটি বাড়ির পাশে খেলাধুলার সময় গর্তে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে, রাউজান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার সরঞ্জাম ও বিশেষ ক্যামেরা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। ক্যামেরার মাধ্যমে গর্তের প্রায় ১২ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়।

উদ্ধার কার্যক্রম জটিল হওয়ায় সেনাবাহিনী ও পুলিশও এতে যুক্ত হন। উপজেলা সহকারী ভূমি কমিশনার অংছিং মারমার তত্ত্বাবধানে টানা প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানো হয়। রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করা হলেও, উদ্ধার হওয়ার আগেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহাজান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪