স্টাফ রিপোর্টার: ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের এক সমর্থক স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের দুই সমর্থককে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের সমর্থক রবিন ও আলিফ এলাকায় নির্বাচনী ব্যানার টানাতে গেলে বিএনপি সমর্থক হিসেবে পরিচিত জিহাদ তাদের বাধা দেন। এক পর্যায়ে বাকবিতণ্ডার জেরে জিহাদ ছুরি দিয়ে রবিন ও আলিফকে আঘাত করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান অভিযোগ করে বলেন, তার সমর্থকরা মাঝকান্দি–ভাটিয়াপাড়া সড়কের পাশে জাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছাহাক মিয়ার বাড়ির কাছে ব্যানার টানাতে গেলে বাধা দেওয়া হয়। এ সময় জিহাদ হুমকি দিয়ে বলেন, এটি বিএনপির এলাকা এবং এখানে অন্য কোনো প্রার্থীর প্রচারণা করা যাবে না। পরে কিছুটা দূরে গিয়ে ব্যানার টানানোর সময় তার দুই সমর্থকের ওপর হামলা চালানো হয়। তিনি প্রশ্ন তুলে বলেন, এভাবে হামলা হলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব?
অভিযোগের বিষয়ে বিএনপি সমর্থক জিহাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা তিনি জানেন না। তার ভাষ্য, আমার সমর্থকরা ছুরি মারার রাজনীতি করে না। আবুল বাশার খান বিপুল অঙ্কের ঋণগ্রস্ত। তার পাওনাদারদের কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করা যায়নি। পরে তিনি জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত। তবে কে কোন প্রার্থীর সমর্থক সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ওসি আরও বলেন, ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এটি সত্য। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি