| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে জামায়াতের আমিরের জনসভা, দুই লাখেরও বেশি উপস্থিতির আশা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ১২:৪১:১৮:অপরাহ্ন  |  ৮৬৯৪৫২ বার পঠিত
লক্ষ্মীপুরে জামায়াতের আমিরের জনসভা, দুই লাখেরও বেশি উপস্থিতির আশা

লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগমন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে সাজ সাজ রব। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসাবে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমিরের আগমন উপলক্ষে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন জেলা জামায়াতের নেতারা।  তাদের প্রত্যাশা, জনসভায় ২ লাখের বেশী মানুষ উপস্থিত হবেন।

জেলা শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ প্রান্তে চলছে জনসভা মঞ্চের সাজসজ্জার কাজ। এই আয়োজনকে সফল করতে স্বেচ্ছাসেবকদের নিয়ে জেলা নেতাদের বৈঠকসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জামায়াতের আমিরের আগমনে শহরের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করছে জেলা  জামায়াতের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকালে মাঠ পরিদর্শনে এসে জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট নজির আহম্মদ বলেন, জনসভায় সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে আসতে পারেন, এ জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শুক্রবার সকাল থেকেই জনসভায় সমবেত হবেন জামায়াতের নেতা-কর্মী, সমর্থক ও ভোটাররা। আমরা আশা করছি, ২ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে, যার মধ্যে জামায়াতের নেতাকর্মী ও সাধারণ ভোটারাও থাকবেন।

জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী বলেন, জনসভায় দুই লাখ নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে। সেখানে জামায়াতের আমির ১১ দলীয় জোটের প্রার্থীদের নিয়ে কথা বলবেন। পাশাপাশি ১১ দলীয় জোটের অন্যান্য নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে। 

আগামীকালের জনসভায় জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সফরসঙ্গী থাকবেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাত উল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।

উল্লেখ, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি একই মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪