| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা, সংঘর্ষে আহত ৫

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ১৫:১৭:৫৯:অপরাহ্ন  |  ৮৩৮৩৪২ বার পঠিত
বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা, সংঘর্ষে আহত ৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির উপজেলা সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের অনুসারীরা মানববন্ধন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে পালন করেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চিতলমারী উপজেলা সদরে মানববন্ধন শুরু হওয়ার আগেই উত্তেজনার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল চন্দ্র মন্ডলের কয়েকজন সমর্থক প্রথমে মানববন্ধনে বাধা দেন এবং পরে হামলা চালান। এতে টুলু বিশ্বাসের অন্তত পাঁচজন অনুসারী আহত হন।

মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী লাঠিচার্জ করে। ঘটনার পর চিতলমারী উপজেলা জুড়ে কিছু সময়ের জন্য চরম উত্তেজনা বিরাজ করলেও উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মমিনুল হক টুলু বিশ্বাসের বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং অভিযোগ করেন, দলীয় শৃঙ্খলার নামে তার বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, আমাকে কী কারণে বহিষ্কার করা হয়েছে, তা আমি নিজেও জানি না। আমি ধানের শীষের পক্ষে ভোট চাইছি এবং নিজেও ধানের শীষ প্রতীকেই ভোট দেব। আমার বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর আজ আমার অনুসারীরা মানববন্ধন করতে গেলে বিএনপি মনোনীত বাগেরহাট-১ আসনের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের অনুসারীরা হামলা চালিয়েছে বলে আমি জানতে পেরেছি।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪