| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুবর্ণচরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ১৫:৪৪:২৪:অপরাহ্ন  |  ৮৪৮৯৬৫ বার পঠিত
সুবর্ণচরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহানের সমর্থনে সুবর্ণচরে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এ সময় তিনি বলেন, “তারেক রহমানের বিকল্প নেতৃত্ব এখন পর্যন্ত বাংলাদেশে নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতেই হবে।”

বুধবার রাতে উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই জনসভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে এবং সুবর্ণচর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনাম হোসেন মঞ্জুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ শাহজাহান।

সভায় প্রধান বক্তার বক্তব্যে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “তারেক রহমানের বিকল্প নেতৃত্ব এখন পর্যন্ত বাংলাদেশে নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

সুবর্ণচরের প্রসঙ্গ এনে নাছির উদ্দীন নাছির আরও বলেন, বিগত ১৭ বছরে সুবর্ণচরের জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছেন, তারা কখনোই সংসদে সুবর্ণচরের মানুষের কথা বলেননি, ভূমিহীনদের কথা বলেননি। তরুণ সমাজ আজ ঐক্যবদ্ধ। তারা সুবর্ণচরের উন্নয়নে মোহাম্মদ শাহজাহানকে আবারও সংসদে দেখতে চায়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, “সুবর্ণচরের মাটি ও মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। এ অঞ্চলের মানুষ প্রতিনিয়ত নদীভাঙনের সঙ্গে লড়াই করে টিকে আছে। আমরা ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে মেঘনার ভাঙন রোধে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করব। সুবর্ণচরের একটি মানুষও যেন নদীভাঙনের শিকার হয়ে নিঃস্ব না হয়, সেটিই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

ভূমিহীনদের অধিকার প্রসঙ্গে তিনি আরও বলেন, “এই চরাঞ্চলের ভূমিহীনরা বছরের পর বছর ধরে নিজ ভূমিতে পরবাসী হয়ে আছেন। প্রভাবশালী মহলের দখলদারিত্ব থেকে ভূমিহীনদের জমি রক্ষা করা হবে এবং প্রকৃত কৃষকদের মাঝে ভূমির সুষম বণ্টন নিশ্চিত করা হবে। ধানের শীষের জয় হলে সুবর্ণচরে আর কোনো ভূমিহীন মানুষ অবহেলিত থাকবে না।”

এ সময় আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দীন গাজী, সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন এবং উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪