শেরপুর প্রতিনিধি: ঝিনাইগাতীতে নির্বাচনের ইশতেহার ঘোষণা কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষের ঘটনায় নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের (৪২) বাড়িতে চলছে শোকের মাতম। মাতৃহীন রেজাউলের বয়োবৃদ্ধ বাবা মাওলানা আব্দুল আজিজ নির্বাক দৃষ্টিতে ছেলের কবরের দিকে তাকিয়ে ছিলেন। যেন চোখের জল শুকিয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের গোপালখিলা গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির ভেতর থেকে নারীদের উচ্চ কান্নার আওয়াজ ভেসে আসছিল। আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বাড়িতে এসে খোঁজখবর নিচ্ছিলেন।
কয়েকজন কবর খোদককে কবর খোঁড়ায় ব্যস্ত দেখা যায়। নিহত রেজাউলের মরদেহ তখনও বাড়িতে পৌঁছায়নি।
এদিকে সকাল ১১টায় রেজাউলের বাড়িতে শোক জানাতে আসেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ রয়েছে, তাই আমরা ভিডিও দেখে হত্যা মামলা দায়ের করব। প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে কর্মসূচি গ্রহণ করা হবে।”
নিহত রেজাউলের শ্বশুর কাকিলাকুড়া এলাকার বাসিন্দা হাফেজ মো. আবুবকর বলেন, “আমি হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই। তাঁর স্ত্রী ও দুই সন্তানকে এখন দেখবে কে?”
রেজাউলের ছোট ভাইয়ের স্ত্রী বলেন, “আমরা সুষ্ঠু বিচার চাই। যারা জড়িত, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার চাই।”
এদিকে রেজাউলের নিহতের খবরে গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টার্স২৪/এসএন