বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আর্মির নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।
বুধবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ নিজ বাড়ি থেকে হাতেনাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আটকরা হলেন—উদয়পুর গ্রামের কবির মোল্লার স্ত্রী তানিয়া আক্তার (৩৭) এবং একই এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মহিবুল্লাহ (৩০)।
সেনাসূত্র জানায়, আটককৃতদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি ছুরি, ২টি রামদা, ১টি চাপাতি, ৫টি অন্যান্য ছোট দেশীয় অস্ত্র এবং নগদ ৮ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র রাখার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অস্ত্রের তৎপরতা নিয়ে অভিযোগ ছিল। আর্মির নেতৃত্বে যৌথবাহিনীর এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন।
আটক দুইজনকে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।