দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে চার তরুণ যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৭টায় দেবিদ্বার সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের যৌথ দল দেবিদ্বার সদরের গোমতী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চারজনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের আদালতে চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৯)(ক) ও ৩৬(৫) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন: দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলাম (১৮), মৃত আবুল কাসেমের ছেলে মো. ওমর ফারুক (১৮), বারেরা গ্রামের রাকিব হাসান (১৮) এবং বড়শালঘর ইউনিয়নের মো. রাহিমুল ইসলাম (১৮)।
দেবিদ্বার থানার তদন্ত কর্মকর্তা মো. মঈনুদ্দিন জানান, যৌথ বাহিনীর অভিযান চলবে এবং মাদক ও সেবন প্রতিরোধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি