ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমার একটা হাঁসও যেন কোনো শিয়ালের বাচ্চা চুরি করতে না পারে’। নির্বাচনে কারচুপির আশঙ্কা তুলে ধরে তিনি ভোটারদের সতর্ক ও সক্রিয় থাকার অনুরোধ জানান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কৃত এই আলোচিত নেত্রী এবারের নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রুমিন ফারহানা বলেন, আপনাদের বাবা-চাচার ভোটে একসময় আমার বাবা অলি আহাদ নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তখন নানা কারসাজির মাধ্যমে তাহের উদ্দিন ঠাকুরকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, আগামী ১১ তারিখ বিকাল থেকে ১২ তারিখ বিকাল পর্যন্ত প্রতিটি ভোটকেন্দ্র আপনারাই পাহারা দেবেন।
তিনি বলেন, রাজনীতিতে তিনি হুমকি বা উচ্চবাচ্য নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান। আমি বড় বড় কথা বলিনি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কাজ করার চেষ্টা করেছি। আমার বাপ-দাদার ভিটা, কবর এই মাটিতেই। ঘরের মেয়ে হিসেবে আপনাদের সঙ্গে থাকতে চাই। এটা যদি অপরাধ হয়, আপনারাই আমার বিচার করবেন, বলেন তিনি।
নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে বলেই তারা বিশ্বাস করেন। পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যেন কোনো ধরনের কারচুপি না হয়। তিনি বলেন, এই আসনের দিকে দেশি-বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের নজর থাকবে। কেউ যদি একটি ব্যালট পেপার জাল করার চেষ্টা করে, ভোটাররাই তার উপযুক্ত জবাব দেবে।
হাঁস প্রতীক নিয়ে তিনি বলেন, হাঁস উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সততার মার্কা এবং সাহসের মার্কা। আপনারা যদি পাশে থাকেন, দোয়া ও ভোট যদি আমার সঙ্গে থাকে, ইনশাআল্লাহ কোনো শক্তিই হাঁসকে পরাজিত করতে পারবে না।
নিজের বিরুদ্ধে মামলা ও রাজনৈতিক চাপের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করা তার ধাতে নেই। আমার একজন ভোটারের পশম পড়ার আগেই আমাকে আঘাত করতে হবে। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে—কোনো ভুয়া মামলা হবে না, কাউকে হয়রানি করা হবে না।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনের পর কোন দল সরকার গঠন করবে, তা এখনো নিশ্চিত নয়। তাই অহেতুক হুমকি বা বাড়াবাড়ি না করার আহ্বান জানান তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি মানুষের রায় কী হবে, আল্লাহই ভালো জানেন, বলেন রুমিন ফারহানা।