সাভার প্রতিনিধি: সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি ২টি দা, ১টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ৩টি সুইচ গিয়ার ছুরি সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, ছোট কালিয়াকৈর এলাকার মো. রসেদ মিয়া (৩২), মো. রিপন মিয়া (৩৩), মো. মাসুদ রানা (৩১), পার্শ্ববর্তী রাজাসন গ্যারেজ এলাকার মো. সানি মিয়া (৩৫), সামাইর এলাকার মো. শাহিন মিয়া (৩১), সাভারের হেমায়েতপুর পূর্বহাটি উত্তরপাড়া এলাকার মো. সোহাবান মিয়া (২৩), মো. নুর নবী (২৭) এবং উত্তর মেইটকা এলাকার মো. ইমন মিয়া (২৫)।
পুলিশ জানায়, সম্প্রতি সাভারের রাজাশন-বিরুলিয়া সড়কে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে সাভার মডেল থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান চালায়। শুক্রবার ভোররাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আল আমিন জানান, ভোররাতে কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ডাকাতির উদ্দেশ্যে ১৫-১৬ জন জড়ো হয়। পুলিশের অভিযান চালিয়ে এদের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকা ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা