চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি থেকে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা তাকে আটক করেন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে গত ২৩ জুন দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজারে নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকারবিরোধী বিক্ষোভ ও ভাঙচুর-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে এবং জাহাঙ্গীর এই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
ওসি আরও জানান, গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের আগে জননিরাপত্তা বিঘ্নিত ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর চিতোষি পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতের মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কার্যক্রম যাচাই করা হচ্ছে। প্রচলিত আইন অনুসারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি