চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া ও পটিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ও বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইরফানুল ইসলাম চুহিম (২২), সাকিব (৩৯) ও মো: আলী (৩৫)।
জানা যায়, শুক্রবার সকালে লোহাগাড়া সদরের ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইরফানুল ইসলাম চুহিম (২২) নিহত হয়েছেন। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের দফাদার পাড়ার নুরুল ইসলামের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে কক্সবাজারমুখী মোটরসাইকেলের সংঘর্ষে চুহিম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট মো. সম্রাট হোসেন জানিয়েছেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে, পটিয়া বাইপাসের শেয়ানপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মো: সাকিব (৩৯) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা ইকরাম হোসেন আহত হন। পুলিশ ও র্যাবের একটি টহল দল আহত ইকরামকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে পাঠান, পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত সাকিব ও ইকরাম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের জিরি মাদরাসা গেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো: আলী (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈগ্রাম এলাকার মো: হাশেমের পুত্র ও চট্টগ্রামের হাজারি গলির স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। শুক্রবার সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ জানিয়েছেন, একই এলাকায় মোটরসাইকেল আরোহী সাকিব (৩৯) নিহত হয়েছেন। আহত ও নিহতদের মধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা