নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাট এলাকায় জড়ো হন। এ সময় উদ্বোধনের কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
নলচিরা ঘাট এলাকার বাসিন্দা নুর হোসেন বলেন, ফেরি চালুর কৃতিত্ব নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এক পক্ষ অপর পক্ষকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে এবং এতে একাধিক ব্যক্তি আহত হন।
এদিকে, ফেরি উদ্বোধনের সময় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে হাতিয়া থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ। তিনি অভিযোগ করেন, একটি তালিকাভুক্ত সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি।
অন্যদিকে বিএনপি হামলার অভিযোগ অস্বীকার করেছে। দলের সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম বলেন, ফেরি চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের দাবি। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির নেতাকর্মীরা বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, হাতাহাতির ঘটনার খবর পাওয়া গেছে। তবে আহতের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি