চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে একটি টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক পেজের অ্যাডমিনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ নামের একটি টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক পেজের অ্যাডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে (৫০) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়।
জাহাঙ্গীর হোসেন তালুকদার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আফাজ মিস্ত্রি বাড়ির বাসিন্দা। তিনি মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লিখিত টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে যৌথ অ্যাডমিনশিপ পরিচালনা করা হচ্ছিল।
পুলিশ আরও জানায়, জাহাঙ্গীর হোসেন তালুকদার এর আগেও নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত বছরের ২৩ জুন শাহরাস্তি উপজেলার দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকারবিরোধী বিক্ষোভ মিছিল এবং ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, আটক জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও কনটেন্ট যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/এসএন