কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেছেন, দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিজয়ী হলে সকলে মিলে একটি সমৃদ্ধশালী কাপাসিয়া গড়ে তুলব, ইনশাআল্লাহ। সেই সঙ্গে সকলের সহায়তায় তিনি তাঁর পিতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চান।
তিনি আরও বলেন, “আবারও বলতে চাই, আগামী ১২ ফেব্রুয়ারি সকলের প্রতীক হবে ধানের শীষ।”
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার টোক ইউনিয়নের বাইপাস সংলগ্ন মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার টোক ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু সাঈদ মাহমুদুল হক বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল হক রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ হাশেম।
ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত এ নির্বাচনী জনসভায় বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টোক ইউনিয়ন বিএনপির সহসভাপতি বসির উদ্দিন বাসু, প্রবাসী বিএনপি নেতা শহীদুল ইসলাম হান্নান প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, নির্বাচন প্রচারণা কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. মাজহারুল হক, বিএনপির সিনিয়র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, ঢাকা মহানগর বিএনপি নেতা গোলাম এমডি মঈন উদ্দিন রবিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির।
রিপোর্টার্স২৪/এসএন