| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ০১:৪৯:১৪:পূর্বাহ্ন  |  ৮৪৫৮৫২ বার পঠিত
গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলের বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত পাঁচ দিনের ব্যবধানে গোপালগঞ্জে এটি তৃতীয় ককটেল বিস্ফোরণের ঘটনা, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

পুলিশ ও আনসার সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে দুর্বৃত্তরা বেদগ্রাম এলাকায় অবস্থিত আনসার ব্যাটালিয়ন (২ বিএন) সদর দপ্তরের ভেতরে প্রবেশ করে। তারা ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানে থাকা একটি ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো কসটেপ পেঁচানো একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হলে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণের শব্দ শুনে অফিস কমপাউন্ড ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং এলাকা নিরাপত্তার আওতায় নেন।

এ ঘটনায় কোনো ব্যক্তি আহত হয়নি কিংবা স্থাপনার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সম্ভাব্য নাশকতা ঠেকাতে এবং দুষ্কৃতকারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এবং ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের একজন বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪