| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আনোয়ারায় তালাবদ্ধ ঘরে আটকা দুই শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ০২:২২:৫২:পূর্বাহ্ন  |  ৮৪৪৬৮৫ বার পঠিত
আনোয়ারায় তালাবদ্ধ ঘরে আটকা দুই শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তালাবদ্ধ ঘরের ভেতরে আটকা পড়ে দুই কন্যাশিশু। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত অভিযান চালিয়ে দরজা ভেঙে শিশু দুটিকে নিরাপদে উদ্ধার করে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে কবিরের দোকান এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশু দুটির বয়স আনুমানিক দেড় ও তিন বছর। তারা ওই এলাকার বাসিন্দা ইসমাইলের সন্তান। পরিবারটি হাসান হাজীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশুদের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা প্রয়োজনীয় কাজে বাইরে যান। এ সময় অসাবধানতাবশত ঘরের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেলে ভেতরে আটকা পড়ে যায় দুই শিশু। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশুদের কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং দরজা খোলার চেষ্টা করেন। তবে দরজাটি তালাবদ্ধ থাকায় তাদের চেষ্টা ব্যর্থ হয়।

পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে তালাবদ্ধ দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী মো. মাহিম জানান, শিশুদের কান্নার শব্দ শুনে এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা অল্প সময়ের মধ্যেই এসে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।

আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. মজিবুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ দরজা খুলে দুই শিশুকে নিরাপদে উদ্ধার করি। তারা দুজনই সুস্থ রয়েছে এবং কোনো ধরনের শারীরিক ক্ষতি হয়নি।

উদ্ধার শেষে শিশু দুটিকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে আসে এবং দ্রুত উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪