মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ সময় ভাঙচুর করা হয়েছে একাধিক দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মাঠে নামলে এলাকায় উত্তেজনা প্রশমিত হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে পৌর ঈদগাহ মাঠে শহরের সবুজবাগ ও বটতলা এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার বিকেলে বটতলা এলাকার কিশোররা সবুজবাগ এলাকার ফাহিম জমাদ্দারকে মারধর করে আহত করে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাতে প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অন্তত ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং আশপাশের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব-৮-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি