| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১২:৪৯:৫০:অপরাহ্ন  |  ৮২৩৭৬১ বার পঠিত
শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর
ছবির ক্যাপশন: এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা অপারেশনাল কর্মবিরতিতে বন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠা-নামার কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্দরের কর্মচারী ও বেসরকারি শ্রমিকেরা কেউ কাজে যোগ না দেওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত শুক্রবার (৩০ জানুয়ারি) বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এই কর্মসূচির ডাক দিয়েছিল। কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সব ধরনের পরিচালন কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। রোববারও একইভাবে ৮ ঘণ্টা প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে।

সকাল ৮টায় কর্মসূচি শুরু হওয়ার পর বন্দরের তিনটি টার্মিনাল—জিসিবি, সিসিটি ও এনসিটি—এ পরিচালন কার্যক্রম ব্যাহত হয়েছে। শুধুমাত্র এনসিটিতে বেসরকারি ডিপো থেকে আনা রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলার কার্যক্রম চলমান রয়েছে।

বন্দর জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের (বোটসোয়া) সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, “জেনারেল কার্গো বার্থ বা জিসিবি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর জন্য আমরা শ্রমিক বুকিং দেওয়ার চেষ্টা করেও পারিনি। যন্ত্রপাতির অপারেটররাও কাজে যোগ দেননি। এ কারণে জিসিবিতে পরিচালন কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, “কর্মসূচিতে কর্মচারী ও শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। বিকাল ৪টা পর্যন্ত চলবে আমাদের এই কর্মসূচি।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪