লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষ প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “একটি দলের এবং একটি পরিবারের দুই প্রজন্মের নেতা দেশ চালিয়েছেন—জিয়া পরিবারের একজন প্রেসিডেন্ট ছিলেন, একজন তিনবারের প্রধানমন্ত্রী। ১২ ফেব্রুয়ারি যদি আরেকজন প্রধানমন্ত্রী হন, এটি বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। এটি নতুন ইতিহাস এবং নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে।”
শনিবার (৩১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ২ ও ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “আজ প্রেসিডেন্ট জিয়া এবং বেগম খালেদা জিয়া নেই। তারেক রহমান উনাদের জ্যেষ্ঠ সন্তান, দীর্ঘদিন অত্যাচার ও নির্বাসনের শিকার ছিলেন। দেশে আসার পর তিনি লাখো মানুষের সামনে ১৫ মিনিটের বক্তব্য দিয়েছেন। আল্লাহর সাহায্য চেয়েছেন, মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং হযরত মুহাম্মদ (সা.)-এর ন্যায় পরায়ণতার আলোকে দেশের ও মানুষের সেবা করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট জিয়ার মতো তিনিও গ্রামে-গ্রামে মানুষের সঙ্গে ঘুরে জনগণের পাশে থাকছেন।”
তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি যদি আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিই, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন।”
এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং বিএনপি নেতা ইমতিয়াজ আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আয়েশা