কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চায় না। তিনি বলেন, “আমরা আদিপত্য মানবো না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই।”
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান আরও বলেন, “বিগত সময়ে শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও আমরা দেশ ছাড়িনি। আমরা ছিলাম, আছি, এবং ইনশাআল্লাহ থাকবো। আমরা মজলুমের দুঃখ বুঝি, এজন্য কখনো জালিম হবো না।”
মা-বোনদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কোনো ভয় দেখবেন না। ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিন। জামায়াত ক্ষমতায় এলে মা-বোনেরা নিরাপদে থাকবেন।”
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা কোনো যুবকের হাতে বেকার ভাতা দেবো না। যুবকদের দেশ গড়ার কারিগরে পরিণত করব। কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্মানের জায়গায় বসাবো।”
ভিন্ন ধর্মাবলম্বীদের জন্যও তিনি আশ্বাস দেন, “এ দেশে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে। কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। বর্তমান শিক্ষাব্যবস্থা দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, তাই শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।”
জনসমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। এছাড়া বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, মাওলানা আবদুল হালিম, ডাকসু ভিপি সাদিক কায়েম, এবং চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিটের নেতারা।
রিপোর্টার্স২৪/আয়েশা