ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাধবখালী বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালী সীমান্ত এলাকায় মাদকের একটি বড় চালান পাচারের প্রস্তুতি চলছে এমন তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৭১/২-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের একটি ভুট্টাক্ষেতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নায়েব সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বাধীন বিজিবির একটি বিশেষ টহল দল। উদ্ধারকরা গাঁজা মো. রফজেল নামে এক ব্যক্তির ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে অভিযানের সময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।
উদ্ধারকরা গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে এ ধরনের কঠোর অভিযান আরও বাড়ানো প্রয়োজন।
রিপোর্টার্স২৪/এসসি