আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ন্ত্রণে বিভিন্ন কূটনৈতিক প্রক্রিয়ার বিস্তারিত দিক পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব উদ্যোগ থেকে আগামী কয়েক দিনের মধ্যেই ফল পাওয়ার আশা করা হচ্ছে।
সোমবার(২ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই এ কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা ব্যবস্থাপনায় যেসব কূটনৈতিক পথ খোলা রয়েছে, সেগুলোর কাঠামো ও প্রক্রিয়া এখনো মূল্যায়নাধীন রয়েছে।
এমন পরিস্থিতিতে পারস্য উপসাগর এলাকায় মার্কিন নৌবাহিনীর সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান ‘গুরুত্বপূর্ণভাবে’ ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় রয়েছে। ট্রাম্পের ওই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আলোচনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসমাইল বাঘাই বলেন, আঞ্চলিক কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান–প্রদানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। আমরা প্রতিটি কূটনৈতিক প্রক্রিয়ার খুঁটিনাটি যাচাই করছি, যা থেকে আমরা আশা করছি অচিরেই ইতিবাচক ফল পাওয়া যাবে।তিনি আরও বলেন,এসব আলোচনা মূলত সম্ভাব্য সংলাপের প্রক্রিয়া ও কাঠামো নির্ধারণের সঙ্গে সম্পর্কিত।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়লেও পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে ইঙ্গিত মিলছে।
রিপোর্টার্স২৪/এসসি