| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তি

ভারতীয় পণ্যে শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নামালেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ০০:১২:২৩:পূর্বাহ্ন  |  ৬২৯৮১৫ বার পঠিত
ভারতীয় পণ্যে শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নামালেন ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং তার অনুরোধে তাৎক্ষণিকভাবে এই বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত পারস্পরিক (রিসিপ্রোকাল) শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে।

চুক্তির অংশ হিসেবে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছে বলে জানান ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং সম্ভাব্যভাবে ভেনেজুয়েলা থেকে বেশি পরিমাণে জ্বালানি কিনতে রাজি হয়েছে ভারত।

ট্রাম্প আরও বলেন, ভারত আগামী দিনে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য আমদানির অঙ্গীকার করেছে।

এদিকে বাণিজ্য চুক্তি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,এই চুক্তি বিপুল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত ভারতীয় কোম্পানিগুলোর শেয়ারে এই ঘোষণার পর তাৎক্ষণিক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

বাজার লেনদেন চলাকালে,আইটি পরামর্শক প্রতিষ্ঠান ইনফোসিসের শেয়ার বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ,উইপ্রোর শেয়ার বেড়েছে ৭ শতাংশ,এইচডিএফসি ব্যাংকের শেয়ার বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ,পাশাপাশি এমএসসিআই ইন্ডিয়া এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) শেয়ারও প্রায় ৩ শতাংশ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক হ্রাস পাওয়ায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।

চুক্তির বিস্তারিত শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উভয় দেশের পক্ষ থেকে আরও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। -রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪