| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৪:০৩:৫৭:অপরাহ্ন  |  ৭১৬৭৫৮ বার পঠিত
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি: জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।


বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সুব্রত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আসাফুদ্দোলা মাসুম, সাংগঠনিক সম্পাদক এম. বাবুল আক্তার, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রবিউল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। অন্যান্য সরকারি কর্মচারীরা জাতীয় পে-স্কেলের সুবিধা পেলেও বিচার বিভাগীয় কর্মচারীরা এখনো তা থেকে বঞ্চিত। এতে তাদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

বক্তারা আরও বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই বিভাগের কর্মচারীরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ তাদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকা দুঃখজনক। দ্রুত জাতীয় পে-স্কেল ঘোষণা করে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৬ তারিখ ঢাকায় যমুনা ঘেরাও করা হবে। জাতীয় নির্বাচনের আগেই যদি পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না আসে, তাহলে আগামী দিনে কলমবিরতিসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বিচার বিভাগীয় কর্মচারীরা।

সমাবেশ শেষে বিচার বিভাগীয় কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে ম্যাজিস্ট্রেট আদালত চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা পুনরায় তাদের দাবি তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় কর্মসূচিতে জেলার বিভিন্ন আদালতের বিচার বিভাগীয় কর্মচারীরা অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪