উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সকল দলকে সমান সুযোগ দিতে হবে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। কেউ কেউ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছে। সহিংসতা করার চেষ্টা করছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বাঙ্গালা ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, কোনো কোনো উপদেষ্টাকে একটি দলের পক্ষে কথা বলতে দেখা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে। নারী কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় বিএনপির লোকজন ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মা-বোনেরা সর্বোচ্চ মর্যাদায় বসবাস করবেন। মা-বোনেরা অফিস, আদালত, ব্যাংক ও বিমায় নিরাপত্তার সঙ্গে চাকরি করবেন, যেখানে গ্রাহক হিসেবেও মা-বোনেরাই থাকবেন। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা প্রতিষ্ঠান থাকলে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারবেন।
তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন এবং গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে রায় দিন, যাতে করে নতুন করে কেউ স্বৈরাচারী হতে না পারে।
বাঙ্গালা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মণ্ডল, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, সিরাজগঞ্জ বারের সদস্য অ্যাডভোকেট আবু তালেব, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/সাইফ