নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে একটি মুদির দোকানের পাশে সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হওয়া সামগ্রী বোমা কি না, তা নিশ্চিত করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি বোতল, ছোট কৌটা এবং বোমা তৈরিতে ব্যবহারযোগ্য কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি খালি বোতল এবং আটটি ছোট কৌটা রয়েছে।
র্যাবের ডিএডি আশরাফুল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তায় কার্টুনে মোড়ানো এসব সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
তবে স্থানীয় মুদিদোকানি সম্পদ সরদার দাবি করেছেন, উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, “আমি একজন কিডনি রোগী। এই ছোট দোকানের আয়েই কোনোমতে সংসার চলে। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে আমি কিছুই জানি না।”
সম্পদ সরদারের স্ত্রী বিউটি বেগম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে চা খাওয়ার কথা বলে দোকানে বসেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। তিনি বলেন, “তারা একটি ব্যাগ দোকানের পাশে রেখে যেতে চান। আমি জানতে চাইলে ধমক দিয়ে বলেন, ব্যাগে হাত দেওয়া যাবে না। পরে তারা নিজেদের র্যাবের লোক বলে পরিচয় দিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার র্যাবে সদস্যরা এসে বস্তা খুলে বলেন, এর মধ্যে বোমা আছে।”
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “ছোট একটি বস্তার ভেতর থেকে চারটি বোতল, আটটি কৌটা ও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, এপিবিএন ও পুলিশ যৌথভাবে কাজ করছে। আগামীকাল নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব ব্যবহারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”
রিপোর্টার্স২৪/এসএন