নোয়াখালী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য নোয়াখালীর ৬টি আসনের ৯টি উপজেলায় ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। জেলার ৮৭৫টি ভোট কেন্দ্রে সাত বাহিনী নিরাপত্তায় মোতায়েন থাকবে।
বুধবার সকাল থেকে জেলার ৯টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী ৬টি আসনের সরঞ্জামাদি প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ছয় আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার ২৮,৬৭,৬৩৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১৪,৯৬,৬৪৮ এবং নারী ভোটার ১৩,৭০,৯৭৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫ জন।
নির্বাচন পরিচালনায় দায়িত্বে রয়েছেন ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮৭৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫,৬০৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১১,২১৮ জন পোলিং কর্মকর্তা।
এছাড়া জেলার ছয়টি সংসদীয় আসনের ৮৭৫টি ভোট কেন্দ্রে সাত বাহিনীর মোট ১৬,৩৭৯ জন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনী ৭০০, বিজিবি ২৫০, পুলিশ ২,৬৫০, র্যাব ১০০, নৌবাহিনী ২৪০, কোস্টগার্ড ১,০৬৪ এবং আনসার ১১,৩৭৫ জন দায়িত্ব পালন করবেন।
রিপোর্টার্স২৪/এসএন