স্টাফ রিপোর্টার:আধিপত্য বিস্তার ও নির্বাচন-পরবর্তী সহিংসতাকে কেন্দ্র করে ফরিদপুর জেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সালথা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী ময়েনদিয়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের প্রাথমিকভাবে পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সমর্থকদের সঙ্গে সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া ও জিহাদ মিয়ার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নির্বাচনে ভোট দেওয়া ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে শনিবার সকালে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়েনদিয়া ও খারদিয়া গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় দুই পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি