রাজশাহী প্রতিনিধি: মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন এবং রাজনৈতিক কোনো সম্পৃক্ততা ছিল না। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে এবং মাথায়ও জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে কে বা কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা শুরু হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি