| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে শিক্ষককে মারধরের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতার ভিডিও ভাইরাল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ০৫:২১:০৬:পূর্বাহ্ন  |  ৬৩২৩৮৩ বার পঠিত
উজিরপুরে শিক্ষককে মারধরের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতার ভিডিও ভাইরাল

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় উত্তম কুমার নামের এক শিক্ষককে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী উত্তম কুমার উপজেলার হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হারতা বাজার এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে একদল লোক তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে পাশের একটি নির্মাণাধীন ঘরের ভেতরে নিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় শিক্ষক উত্তম কুমারকে ঘিরে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় উপস্থিত কেউ একজন ঘটনাটির ভিডিও ধারণ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে মারধর করছেন এবং আশপাশে উৎসুক জনতা দাঁড়িয়ে রয়েছে।

ঘটনার কারণ সম্পর্কে জানা গেছে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে ওই শিক্ষকের ঘনিষ্ঠতার কিছু ছবি ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়। তবে মারধরের শিকার শিক্ষক উত্তম কুমার দাবি করেছেন, সংশ্লিষ্ট তরুণী তার ছাত্রী নন এবং উভয় পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের প্রস্তুতি চলছিল। কে বা কারা গোপনে ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না বলেও জানান।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী সাংবাদিকদের বলেন, চার মাস আগে এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি প্রকাশের পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। তিনি দাবি করেন, বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগের অংশ হিসেবেই এ ঘটনা ঘটেছে। তবে তার এই বক্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্নমত রয়েছে।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশ দেখেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা ও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বলছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪