| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে নির্বাচনে দলীয় কর্মীর ভূমিকা পালন করেছে প্রশাসন: জামায়াত নেতা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৪:০৭:০০:অপরাহ্ন  |  ৬২৩০৯৩ বার পঠিত
লক্ষ্মীপুরে নির্বাচনে দলীয় কর্মীর ভূমিকা পালন করেছে প্রশাসন: জামায়াত নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলাকালে প্রশাসনের কিছু সদস্য অতিউৎসাহী হয়ে একটি দলের পক্ষে দলীয় কর্মীর ভূমিকা পালন করেছেন।

তিনি অভিযোগ করেন, কেন্দ্রের দায়িত্বে থাকা কিছু পুলিশ সদস্য, প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা এবং আনসার সদস্যরা দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীদের কেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছেন। এমনকি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে যাওয়া নারীদের ধানের শীষে ভোট দিতে বাধ্য করার চেষ্টা এবং বিভিন্ন ধরনের হয়রানির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে লক্ষ্মীপুর-২ ও ৩ সংসদীয় আসনের নির্বাচনে অনিয়ম, সহিংসতা ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন রেজাউল করিম।

তিনি বলেন, নির্বাচনের দিন রাত থেকেই দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। কোথাও কোথাও নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রেজাউল করিম আরও বলেন, জামায়াতে ইসলামীর ভোটের হিসাব করলে বোঝা যাবে জনগণ সন্ত্রাস ও কালো টাকার বিরুদ্ধে রায় দিয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছে। এটি জনগণের গণতান্ত্রিক অধিকার। মানুষ কাকে ভোট দেবে, সেটি তার ব্যক্তিগত বিষয়। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে যারা আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা করছেন, তারা অন্যায় করছেন।

তিনি বলেন, একটি দল ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল, আর আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছি। যারা সরকার গঠন করছে, তারা এক অর্থে পরাজিত হয়েছে, আর আমরা বিজয়ী হয়েছি।

নির্বাচনে অনিয়ম, সহিংসতা ও নির্বাচন-পরবর্তী হামলার বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্ল্যাহ পাটোয়ারী এবং শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪