যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে প্রেমিকা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অন্তর বিশ্বাস (২৯) নামে এক যুবক নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ধোপাদী গ্রামে নতুনবাজার হাড়িভাঙা এলাকায় এই ঘটনা ঘটে।
পেশায় পরিবহন শ্রমিক অন্তর বিশ্বাসের বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার যুগিয়া গ্রামে। তার পিতার নাম সাগর বিশ্বাস। সে অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করতো ।
তার সহকর্মী সোহাগ হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ সে আমরা এক সাথে কাজ করি। কিছু দিন আগে সে আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। সম্প্রতি ধোপাদী গ্রামের হাড়িভাঙা এলাকার একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে বিয়ের প্রস্তাব দিলে সেই মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। শুনেছি প্রেমিকাকে না পাওয়ার কারণে সে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে হাড়িভাঙা এলাকায় হাবিবুর রহমানের বাড়ির সামনের রাস্তা থেকে অন্তর নামে এক যুবককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, মধ্যরাতে কয়েকজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় অগ্নিদগ্ধ এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম