চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ সময় ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আলাদা পলিথিনে মোড়ানো দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম পাঠিয়ে চিরকুটে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান বলেন, সোমবার রাত ১১টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান তিনি। পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দেওয়া হয়। প্রশাসন ঘটনাস্থলে এসে দুটি চকলেট বোমা ও দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় সহকারী উপপরিদর্শক মনিরুজ্জামান মনির জানান, ঘটনাস্থলে গিয়ে দুটি চকলেট বোমা ও দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।
রিপোর্টার্স২৪/মিতু