রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি–২৯৯ আসনে ধানের শীষ প্রতীকে দেশে সর্বোচ্চ ব্যবধানে ভোট পেয়ে তিনি বিজয়ী হন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ২১৩টি ভোটকেন্দ্রের ফলাফলে দীপেন দেওয়ান পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান ১৯৬৩ সালের ৮ জুন রাঙ্গামাটি জেলার রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে বিসিএসের মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ছিলেন। প্রায় ১৯ বছর সরকারি চাকরিতে থাকার পর ২০০৫ সালে তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
তাঁর বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপ–জাতীয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রিপোর্টার্স২৪/মিতু