মাগুরা প্রতিনিধি: মাগুরা শালিখা উপজেলার চতুরবাড়ীয়া বাজারে বাজার মনিটরিং এর আওতায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নির্ধারিত লাইসেন্স ও সংরক্ষণবিধি না মেনে কীটনাশক বিক্রির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত।
অভিযানকালে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীর কাছে কীটনাশক বিক্রির লাইসেন্স না থাকায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের স্বার্থ রক্ষা ও নিরাপদ কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
রিপোর্টার্স২৪/মিতু