তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের নিজস্ব জায়গা অবৈধভাবে বিক্রি এবং জেলা পরিষদ কর্তৃক নির্মিত তৃতীয় তলা ভবন নিয়মবহির্ভূতভাবে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ হোছেন আলী চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, বর্তমানে কলেজটিতে প্রায় ২৫০ জন ছাত্রী অধ্যয়নরত রয়েছে। কলেজের নামীয় ভূমি ১০-০১-২০১১ ইং তারিখে তারাকান্দা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ২০৯ নং দানপত্র দলিলমূলে প্রাপ্ত হয়ে নিজস্ব জমিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। পরবর্তীতে জেলা পরিষদ, ময়মনসিংহ নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানটিতে একটি তিনতলা ভবন নির্মাণ করে দেয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২০-০৯-২০২৪ ইং তারিখে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অগোচরে তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৩০১২ নং দলিলমূলে কলেজের অধ্যক্ষ জৈনিকা আয়েশা খাতুনের নিকট কলেজের জমি বিক্রি করে দেন। গত ০৫-০১-২০২৫ ইং তারিখে ক্রেতা কলেজে এসে শিক্ষা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন।
পরবর্তীতে কলেজের শিক্ষক-কর্মচারীরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় শিক্ষা কার্যক্রম চালু রাখতে উপজেলা মধুপুর সাকিনী কলেজের নামীয় ভূমিতে টিনশেড ঘর নির্মাণ করে পাঠদান শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া গত ০২-০১-২০২৫ ইং তারিখে কলেজের অধ্যক্ষ মেইন গেট বন্ধ করে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত তৃতীয় তলা ভবন ভাঙচুর শুরু করেন বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বাধা দিলে অধ্যক্ষ কারণ দর্শানোর নোটিশ ও বেতন-ভাতা বন্ধের হুমকি দেন বলে দাবি করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও কর্মচারীরা প্রতিবাদ সভা করেন এবং শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা কলেজের সম্পত্তি উদ্ধার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের কাছে প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীর স্বাক্ষরিত অভিযোগপত্র দাখিল করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন