লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ্যানি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক।
মন্ত্রী হওয়ার খবরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেন। এ্যানি শপথ নেওয়ার পর তার নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীরা খুশি প্রকাশ করেন। মরহুম বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে তারা আনন্দ মিছিল না করলেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এ্যানির মন্ত্রী হওয়ার খবর জানার পর লক্ষ্মীপুর জুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। তারা আশা করেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং জেলা তথা উপকূলীয় এলাকায় পানি ব্যবস্থাপনা ও নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
লক্ষ্মীপুর পৌর শহরের ব্যবসায়ী শাহীন মুন্সি বলেন, “এ্যানি মন্ত্রী হওয়া আমাদের জন্য গর্বের। আমরা আশা করি, নদীভাঙন রোধ ও পানি ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” সাধারণ মানুষের প্রত্যাশা, নির্বাচনী অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
রিপোর্টার্স২৪/এসএন