বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা আওয়ামী লীগের দীর্ঘদিন পরিত্যক্ত কার্যালয় ঘিরে ফের আলোচনার জন্ম দিয়েছে সাম্প্রতিক এক ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজন তরুণ জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় নেতাদের ছবি স্থাপন করছেন।
২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে কার্যালয়টি কার্যত অচল হয়ে পড়ে। একাধিকবার ভাঙচুরের পর ভবনটি ব্যবহৃত হচ্ছিল মোটরসাইকেল পার্কিং ও সাধারণ মানুষের অস্থায়ী শৌচাগার হিসেবে।
২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ফের উত্তেজনা ছড়ায় এলাকাটিতে। সে সময় ছাত্র-জনতার একটি অংশ ভবনটিকে ‘ফ্যাসিবাদের প্রতীক’ আখ্যা দিয়ে ভাঙচুর চালায়।
পরে দীর্ঘ ১৬ বছরের ভাড়া বকেয়া থাকায় কার্যালয়টিতে তালা লাগিয়ে দিয়েছে বরগুনা সদর উপজেলা প্রশাসন। এরপর থেকেই দলীয় কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।
তবে সাম্প্রতিক ভিডিওতে দেখা যায়, ফাহাদ হাসান তানিমের নেতৃত্বে একদল তরুণ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করছেন। পাশাপাশি টানানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে। বিশেষ করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান-এর নির্দেশে এই কার্যক্রম পরিচালিত হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
তবে জেলা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো লিখিত বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেক নেতাকর্মী আবার মাঠে সক্রিয় হতে শুরু করেছেন। বরগুনার এই কার্যালয়ে নতুন করে তৎপরতা সেই পরিবর্তনেরই একটি ইঙ্গিত হতে পারে।
এদিকে দীর্ঘ নীরবতার পর বরগুনা আওয়ামী লীগ কার্যালয় আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তবে এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক পুনরুত্থানের সূচনা হিসেবে দেখছেন, আবার কেউ আশঙ্কা করছেন নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে।
রিপোর্টার্স২৪/মিতু