ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ হাটে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে প্রশাসন।
বুধবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুল হক সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের এ নির্দেশনা দেন।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামনাথ বাজারের সরকারি জমিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩৫টি দোকান গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনা অপসারণে গত বছরের ২ সেপ্টেম্বর এবং চলতি বছরের ১৪ জানুয়ারি লিখিত নোটিশ দেওয়া হয়। সর্বশেষ বুধবার প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের চূড়ান্ত মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের এই সিদ্ধান্তে উদ্বেগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা জানান, সামনে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসার গুরুত্বপূর্ণ সময়। এ অবস্থায় দোকান সরাতে হলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই অন্তত রমজান ও ঈদ পর্যন্ত সময় দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন তারা।
স্থানীয় মুদি দোকানি আশরাফুল আলম, ব্যবসায়ী মানিকশা ও সেলুন মালিক শুক্রঠাকুর বলেন, প্রস্তাবিত দ্বিতল মার্কেট নির্মাণ করা হলে ওপরের তলায় ক্রেতা ওঠার সম্ভাবনা কম। এতে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা বিদ্যমান মার্কেট সংস্কার অথবা বিকল্প স্থানে নতুন মার্কেট নির্মাণের দাবি জানান। অন্যথায় জীবিকা রক্ষায় কর্মসূচি পালনের কথাও জানিয়েছেন তারা।
জানা গেছে, ওই সরকারি জমিতে বিদ্যমান দোকানপাট অপসারণ করে সরকারি অর্থায়নে একটি আধুনিক দ্বিতল মার্কেট নির্মাণের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রকল্প ঘোষণার পর থেকেই স্থানীয় ব্যবসায়ীরা এর বিরোধিতা করে আসছেন। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর একতলা মার্কেট নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা।
রিপোর্টার্স২৪/মিতু