| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ের সামনে কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ২১:২৫:২৯:অপরাহ্ন  |  ৫৯৬০৮৩ বার পঠিত
আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ের সামনে কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ের মূল ফটকে ব্যানার সাঁটিয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়েছেন নাসিকের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী সাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সায়মন মির্জাসহ যুবলীগের কর্মীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দুই নম্বর রেলগেইট এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হয়েছিলেন তারা। নেতাকর্মীরা এক মিনিট স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এসে কার্যালয়ের সামনে ব্যানার সাঁটিয়ে দেন। এরপর তাঁরা এক মিনিট স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ব্যানারটি টানানোই থাকে। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “আমরা বিষয়টি অবগত রয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এ বিষয় নিয়ে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। আমরা বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন, এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলতে এ ধরনের কার্যক্রম চালাচ্ছে। আমরা তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট এক অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পতনের পর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। আবার কেউ কেউ বিদেশে পাড়ি জমান। এ অবস্থায় একসময় নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকা শহরের দুই নম্বর রেলগেইট এলাকার আওয়ামী লীগ কার্যালয়টি জনমানবহীন ভুতুড়ে ভবনে পরিণত হয়। এছাড়া গত বছর ৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন এ ভবনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন একাধিক সভা অনুষ্ঠিত হয়েছিল।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪