বাগেরহাট প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাগেরহাটের গোটাপাড়া এলাকার কৃতি সন্তান সেনা সদস্য সার্জেন্ট মো. রেজাউল করিমের মরদেহ সামরিক মর্যাদায় নিজ গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকায় হেলিকপ্টারযোগে মরদেহ নিজ গ্রামে আনা হলে সেখানে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ এবং নিহতের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
জানা গেছে, সেনাবাহিনীর ময়মনসিংহগামী ট্রাকের সঙ্গে শেরপুরগামী খান ট্রাভেলসের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিমকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সার্জেন্ট রেজাউল করিমের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন সাহসী, কর্তব্যপরায়ণ ও সদালাপী ব্যক্তি হিসেবে স্মরণ করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
তিনি মৃত্যুকালে মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, সাত ভাই ও তিন বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রিপোর্টার্স২৪/এসএন