বেনাপোল প্রতিনিধি: প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে নিজ জন্মভূমি যশোরে পা রাখলেন সরকারের নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম জেলা সফর। তাঁকে ঘিরে সকাল থেকেই শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
সকাল থেকেই যশোর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। প্রতিমন্ত্রী বিমান থেকে নামতেই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ‘ঘরের ছেলে মন্ত্রী’কে এক নজর দেখার জন্য নিরাপত্তা বলয় উপেক্ষা করেও অনেকে সামনে আসার চেষ্টা করেন।
বিমানবন্দর থেকে সড়কপথে তিনি পৌঁছান যশোর সার্কিট হাউসে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে জনতার সামনে আসতেই সার্কিট হাউস প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করেন।
রিপোর্টার্স২৪/এসএন